যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের এ চিঠি পাওয়ার তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং বলেছে, গত সোমবার হোয়াইট হাউজের প্যাডে পাঠানো ওই চিঠিতে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে (বোয়িং ক্রয়) আপনার মনোযোগের কথা ভুলব না। শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। খবর বিডিনিউজের।
মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠিটি আমি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বোয়িং আপনাকে হতাশ করবে না, আমিও বিষয়টি ভুলব না। এ বিষয়ে মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব বেশি দিন নয়, অদূর ভবিষ্যতেই আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি। বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবেন। তারা অনেক কঠিন সময় পার করেছে। তবে আপনার নেতৃত্বে আমি নিশ্চিত, তাদের এবং বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
এর আগে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এঙে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্পের অবদান তুলে ধরতে গিয়ে বাংলাদেশের কাছে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির প্রসঙ্গ টানেন। বিশেষ দূতের এই তথ্য প্রকাশের একদিন পর মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.