কক্সবাজারের পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে নুরুন নাহার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে অসাবধানতাবশত ওষুধ মনে করে নুরুন নাহার ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বয়সজনিত কারণে তিনি অনেক সময় ভালো-মন্দ বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারতেন না। সোমবার সকালে ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট সেবন করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট সেবনের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.