চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে নিষেধ করায় এক সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির শিকার সাংবাদিক মোহাম্মদ হোছাইন দৈনিক ইনফো বাংলা পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি এবং সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযুক্ত ঠিকাদার মো. নুরুল আবছার, যিনি সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।
জিডি সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম ঢেমশা সতিপাড়া এলাকার ‘ফজর আলী ভেন্ডার’ পুকুরে এলাকাবাসীর সুবিধার্থে ঘাট নির্মাণের জন্য ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করা হয়। পরবর্তীতে সরকারি বরাদ্দ মঞ্জুর হলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কাজের সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পান মো. নুরুল আবছার (৫২)।
গত ১৩ মে সকালে নির্মাণ কাজ শুরু হলে সাংবাদিক মোহাম্মদ হোছাইন ও স্থানীয়রা কাজের স্থানে গিয়ে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের বলে অভিযোগ করেন এবং শ্রমিকদের তা ব্যবহার না করতে অনুরোধ জানান।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানতে পেরে ওই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সাব-ঠিকাদার নুরুল আবচার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক মোহাম্মদ হোছাইনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
প্রায় ১ মিনিট ৪২ সেকেন্ডের ওই অডিও কথোপকথনে ঠিকাদার সাংবাদিককে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (১৩ মে) রাতে সাতকানিয়া থানায় জিডি করা হয়েছে, যার ট্র্যাকিং নম্বর BHIESS এবং জিডি নম্বর ৬১২।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন।
এ বিষয়ে নুরুল আবছারের সাথে কথা হলে তিনি বলেন, সাংবাদিক হোছাইন এর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাকে টাকা না দেওয়ায় তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমিও এর জবাব দিয়েছি। তিনি বলেন, নির্মাণ সামগ্রী নিম্ন মানের হলে ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করে ব্যবস্থা নিবেন।
ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ হোছাইন বলেন, সরকারি কাজের মান নিশ্চিত করার কথা বলায় ঠিকাদার আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এছাড়া ওনি বলেছেন আমি টাকা চেয়েছি এটি সম্পূর্ণ মিথ্যা, টাকা চেয়েছি এমন কোন প্রমাণ নেই।
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল বলেন, সাংবাদিক কোন বিষয়ে জানতে চাইলে তাকে সন্তুষ্টিমূলক জবাব দিতে হবে, এটা ভদ্রতা। এখানে ভদ্রতা তো দূরের কথা উল্টো হুমকি ও মাকে ধরে গালাগাল মোটেই শোভনীয় নয়। এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হওয়া জরুরি।
সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন এমন একটি মৌখিক অভিযোগ আমি পেয়েছি। ঠিকাদার ও সাংবাদিককে আমার অফিসে ডাকা হয়েছে। তাদের কাছে বিষয়টি জেনে সমাধান দিব।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.