খেলার মাঠে নারীর অংশগ্রহণ বাড়িয়ে তাদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়েছে খাগড়াছড়িতে। ক্রীড়া শুধু বিনোদন নয়—নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রতিভাবান নারী খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতজা আলী খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা। অনুষ্ঠানটি সমন্বয় করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, নারীদের অগ্রযাত্রা কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। খেলাধুলা, পড়াশোনা, সরকারি-বেসরকারি চাকরি, প্রশাসনসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারলে তারা শুধু নিজেদের নয়, পরিবার, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরি করে। বিশেষ করে নারী ও তরুণীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও ক্রীড়া সামগ্রী নিশ্চিত করা জরুরি।
পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা এগিয়ে গেলে পরিবার এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে এবং দেশও এগিয়ে যাবে। তাই শিক্ষা, ক্রীড়া, কর্মসংস্থান ও নেতৃত্বে নারীদের সমান সুযোগের পাশাপাশি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে নারী ফুটবল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি খাগড়াছড়ির নয় উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ১০০টি ফুটবল, ২৫টি ভলিবল, ১০টি ভলিবল নেট, ৬০টি ব্যাডমিন্টন র্যাকেট, ১০টি ব্যাডমিন্টন শাটলকক, ১০টি ব্যাডমিন্টন নেট, সাইজ-১ এর ৭টি হ্যান্ডবল এবং সাইজ-২ এর ৩টি হ্যান্ডবল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট রিপল চাকমা, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা।
বক্তারা বলেন, খাগড়াছড়িতে ক্রীড়ার বিকাশে শুধু অবকাঠামো নয়, নিয়মিত ক্রীড়া সামগ্রী, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ বাড়ানো প্রয়োজন। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা গেলে পাহাড়ি এ জেলার অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখার সুযোগ পাবেন।