রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন পূজামণ্ডপে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজা উদযাপনকে ঘিরে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ