খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধি, রোগী ও সেবাগ্রহীতারা অংশ নেন।
গণশুনানিতে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী রোগী ও সেবাগ্রহীতারা।
এ সময় রোগী ও সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি। তিনি রোগীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার কথা জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির সভাপতি বেলা রানী দাস এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য তাসলিমা সিরাজ সীমা ও কুহেলি দেওয়ান। বক্তারা হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
গণশুনানিতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খিসা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের প্রত্যাশা পূরণে সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। রোগীদের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে হাসপাতালের সেবার মান বাড়ার পাশাপাশি মানুষের আস্থাও বৃদ্ধি পাবে।
গণশুনানিতে রোগী ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।