কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মানিকগঞ্জের ৭ টি উপজেলাতেই আমন ধান চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ৭ টি উপজেলায় মোট ১৩ হাজার ৩শ’ হেক্টর জমিতে আমন ধান চাষ এবং ৫০ হাজার ৮৭১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২,৫৯৭ হেক্টর বেশি জমিতে-অর্থাৎ মোট ১৫,৮৯৭ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
ঘিওর উপজেলার বালিয়াকোড়া গ্রামের আমন চাষি আব্দুল লতিফ জানান, প্রধান ফসল বোরো ধান কাটার পর কৃষকরা বাড়তি ফসল হিসেবে পতিত জমিতে আমন চাষ করেন এবং ভালো ফলনও পান।
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের আরেক আমন চাষি আব্দুল বারেক জানান, বোরো ধান কাটার পর তিনি ৩ বিঘা জমিতে আমন চাষ করেছেন। জেলায় অনুকূল আবহাওয়া বিরাজ করায় তিনি ভালো ফলনের আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বাসস’কে বলেন, ভালো ফলন পাওয়ায় জেলার কৃষকরা দিন দিন আমন চাষে আগ্রহী হয়ে উঠছেন।