চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. শাহাদাৎ হোসেন ওরফে চুক্কুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পরিচালিত এই অভিযানে তাঁদের গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়ার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন মো. শাকিল মিয়া (২২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর থানাধীন নিজের স্থায়ী ঠিকানার বাসা থেকে মো. শাহাদাৎ হোসেন ওরফে চুক্কুকে গ্রেফতার করা হয়। তিনি হালিশহর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় ১৭ নম্বর পলাতক আসামি।
অন্যদিকে, মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে মো. শাকিল মিয়াকে ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া মসজিদ গলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই চুক্কুর বিরুদ্ধে হালিশহর এলাকায় চাঁদাবাজি মাদকব্যাবসা,সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে