ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের বরাদ্দ দেওয়া জায়গায় ক্যান্টিন নির্মাণ করতে গিয়ে বাধা, চাঁদা দাবি ও হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছে। আখাউড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক ভূঁইয়ার ছেলে এস এম ইনামুল হক ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক সাংবাদিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ম মেনে ক্যান্টিন পরিচালনার জন্য ৩০০ বর্গফুট জায়গা বরাদ্দ পাওয়ার পর সেখানে নির্মাণকাজ শুরু করা হয়। কিন্তু স্থানীয় একটি পক্ষের বাধা এবং চাঁদা দাবির কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আখাউড়ায় রেলওয়ের ওই জায়গায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানপাট বসানো ও পার্কিং বাণিজ্য পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, প্রায় ১৭ বছর ধরে এভাবে জায়গাটি ব্যবহার করে একটি পক্ষ আর্থিকভাবে লাভবান হয়েছে। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ জায়গাটি ক্যান্টিন পরিচালনার জন্য এস এম ইনামুল হক ভূঁইয়ার নামে বরাদ্দ দিলে আগের সুবিধাভোগীদের স্বার্থে আঘাত লাগে। এর পর থেকেই বরাদ্দ বাতিলের চেষ্টা এবং নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, বরাদ্দ পাওয়া জায়গায় বৈধভাবে ক্যান্টিন নির্মাণের উদ্যোগ নেওয়ার পর স্থানীয় এক সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি ও তাঁর কয়েকজন সহযোগী মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রবাসী এস এম ইনামুল হক ভূঁইয়া জানান, চাঁদা দাবি এবং নির্মাণকাজে বারবার বাধার মুখে পড়ে তাঁরা আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। তবে অভিযোগ জানানোর পরও তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি পরিবারের।
ক্যান্টিনের বরাদ্দ ও নির্মাণকাজকে কেন্দ্র করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, সংশ্লিষ্ট পক্ষটি রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থের বিনিময়ে লোকজন জড়ো করে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারসহ (জিএম) ঊর্ধ্বতন কর্মকর্তাদের আখাউড়া পরিদর্শনকে কেন্দ্র করে নতুন করে মানববন্ধন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য জনপ্রতি ৫০০ টাকা দেওয়ার চুক্তিতে প্রায় ২৫ জনকে প্রস্তুত রাখা হয়েছে বলে তাঁদের দাবি।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে রেলওয়ের বরাদ্দের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে নির্মাণকাজ বন্ধ বা বরাদ্দ বাতিলের চাপ তৈরি করা হতে পারে