চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সঙ্গে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে ২০২৬) চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত এ সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, ২০১৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য ডেভেলপারদের রিহ্যাবের সদস্য হওয়া বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিংয়ের মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে রিহ্যাবের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর নগরীর টেকসই উন্নয়ন, আধুনিকায়ন ও জনদুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রিহ্যাব সদস্যদের জন্য সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অনুমোদন কার্যক্রমে ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবি জানান।
রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী নির্মাণাধীন প্রকল্পের পাইলিংয়ের মাটি ও বর্জ্য অপসারণে নির্দিষ্ট স্থান নির্ধারণ, রোড কাটিংয়ের অনুমতি সহজীকরণ এবং নির্মাণাধীন প্রকল্পে হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবি উত্থাপন করেন।
জবাবে মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন, আধুনিক ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর গৃহীত পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি রিহ্যাব নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাব ও দাবিদাওয়া গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ এবং আশীষ রায় চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.