শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গৃহীত হয়।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এসব কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
চিঠিতে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে পদত্যাগপত্রের একটি কপি গণমাধ্যমে শেয়ার করেন।
উল্লেখ্য, প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে নির্বাচিত হন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তিনি সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৭০ হাজার ৩২২।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.