ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর: কাদের গনি চৌধুরী

Rokib
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সাংবাদিক ড. মাহবুব হাসান, সরদার ফরিদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী ও ইলিয়াস হোসেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন, রফিক মোহাম্মদ, আবু বকর, দিদারুল আলম, শাহনাজ পলি, লাবিন রহমান প্রমুখ।

কাদের গনি চৌধুরী বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকতা জীবনে তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সাহসী সাংবাদিকতা চর্চায় তার অবস্থান ধরে রাখায় সাংবাদিকদের কাছে আদর্শ ছিলেন তিনি।’

সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর: কাদের গনি চৌধুরী

রুহুল আমিন গাজীর কর্মময় জীবন তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, ‘তিনি (গাজী) জাতিকে বহু সেবা দিয়েছেন। তিনি সংবাদকর্মীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন নিরলসভাবে। একাধিকবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও সভাপতির দায়িত্ব পালন করেন।

সাংবাদিকদের অধিকার আদায়ে রুহুল আমিন গাজীর কোনো বিকল্প ছিল না- এমন মন্তব্য করে কাদের গনি চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরোধিতা করে কারাবরণ করতে হয়েছে বরেণ্য এই সাংবাদিককে। তবু তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হননি।’

ব্যক্তি রুহুল আমিনের উজ্জ্বল ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, ‘রুহুল আমিন গাজী মানুষ হিসেবে সজ্জন ছিলেন। আপাদমস্তক একজন সাংবাদিক হিসেবে সব সময় সত্যের পক্ষে কথা বলার সাহস জুগিয়েছেন তিনি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন, আমরা তা লালন করি।’ গাজীর আদর্শ ও দেখানো পথে সাংবাদিকদের চলার আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রয়াত রুহুল আমিন গাজীর নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। `তিনি একজন সম্পন্ন মানুষ ছিলেন’ উল্লেখ করে প্রেসক্লাব সভাপতি বলেন, ‘শুধু সাংবাদিক হিসেবেই নন, নেতা হিসেবেও দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন রুহুল আমিন গাজী। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধকণ্ঠ ছিলেন বলে তাকে নির্যাতন ও কারারুদ্ধ করা হয়। মজলুম এই সাংবাদিককে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে বিনাবিচারে ১৮ মাস কারাগারে বন্দি রাখা হয়। সে সময় তাকে নিয়মিত ওষুধ সেবন করতে দেওয়া হয়নি, এমনকি প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার পর্যন্ত দেওয়া হয়নি।’

‘বহু জ্যেষ্ঠ সাংবাদিক ফ্যাসিবাদী আওয়ামী লীগের অন্যায়ের সঙ্গে আপস করেছিলেন, কিন্তু রুহুল আমিন গাজী কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। গণতন্ত্র রক্ষায় আজীবন সামনের সারি থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন।’ যোগ করেন প্রেসক্লাব সভাপতি।

যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার তার বক্তব্যে রুহুল আমীন গাজীর মানবিক গুণাবলির বর্ণনা করে বলেন, ‘তিনি (গাজী) ছিলেন সম্পন্ন মানুষ। প্রতিকূল পরিস্থিতিতে তার পেছনে কে আছেন, সেটি দেখেননি, সব সময় সাহস নিয়ে এগিয়ে গেছেন। সাংবাদিকদের যেকোনো দাবি আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন।’

আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, সড়কে-কলমে সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন রুহুল আমিন গাজী। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি।’

ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন বলেন, ‘রুহুল আমিন গাজীর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তিনি এমন এক সময় চলে গেছেন যখন তার প্রয়োজন ছিল বেশি।’

প্রয়াত সাংবাদিক নেতার স্মৃতিচারণা করে ডিইউজের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘রুহুল আমিন গাজী দেশের গণমাধ্যমে ও সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রেখেছন। সততা, বিশ্বস্ততা ও বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে দীর্ঘদিন সাংবাদিক সমাজে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার গ্রহণযোগ্যতা ছিল সর্বাধিক এবং সর্বমহলে।’

অনুষ্ঠানের সঞ্চালক ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন,‘রুহুল আমিন গাজী সাংবাদিকতায় পথচলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম জগতে সক্রিয় ছিলেন। স্বাধীন সাংবাদিকতার পক্ষে সর্বদা দৃঢ় অবস্থান ছিল তার। তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের জন্য লড়াই করেছেন আজীবন। একই সঙ্গে গণমাধ্যমের ওপর সরকারের চাপ, সাংবাদিকদের ওপর হামলা মোকাবিলা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির পক্ষে সব সময় সোচ্চার ছিলেন তিনি।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।