ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দল যে কয়েকবার ওয়াকআউট করেছে, তা ‘অযৌক্তিক’- স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল অপ্রাসঙ্গিক বিভিন্ন অজুহাত তুলে যে কয়েকবার ওয়াকআউট করেছে, তাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূলত সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে যেসব ইস্যুতে তারা সংসদ বর্জন করেছেন সেখানে তথ্যের সঠিকতা ছিল না। তারা সরকারি দলের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন।

সংসদীয় কমিটি না থাকায় বিশেষ কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ৯১টি বিলের বাইরে বাকিগুলো কোথায় গেল বলে যে প্রশ্ন তুলেছেন, তা মূলত তথ্যের অভাবেই করেছেন। কারণ ১৭টি অধ্যাদেশ মূল ৯১টি বিলের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিরোধী সদস্যদের ‘নোট অব ডিসেন্ট’ হুবহু রিপোর্টে রাখা হয়েছে এবং স্পিকার তাদের দীর্ঘ সময় কথা বলার সুযোগ দিয়েছেন, যা নজিরবিহীন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারা বাইরে থেকে লিখিত বক্তব্য প্রস্তুত করে এনে রচনা আকারে পাঠ করেছেন, যা ইতিবাচক হলেও শেষ দিনে তাদের ওয়াকআউট করার কোনো কারণ ছিল না। বিশেষ করে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনার প্রস্তাব থাকা সত্ত্বেও তারা নির্বাচনের ইস্যু টেনে এনে পরিবেশ ঘোলাটে করেছেন।

গুম কমিশন ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি রেখে গেছে। আমি নিজেও গুমের শিকার, তাই আমরা চাই এমন আইন করতে যাতে ভুক্তভোগীরা প্রকৃত বিচার পান। বর্তমান রাজনৈতিক সরকার তাড়াহুড়ো না করে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এসব আইন আরও সমৃদ্ধ করতে চায়।

তিনি আক্ষেপ করে বলেন, বিরোধী দল এই বিষয়গুলোকে রাজনীতিকীকরণ করছে, যা কাম্য নয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।