মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের করুণ পরিসমাপ্তি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক যুবকের। নিহতের নাম মো. ইফতেখার রিপন শরীফ (৩৪)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, রিপন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজারের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিপন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাতারে অবস্থানরত রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন জানান, ঘটনার দিন সকালে রিপন বাসা থেকে নাস্তা করতে বের হন। এ সময় রাস্তা পার হতে গেলে একটি গাড়ি তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে রিপনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী মো. আরমান জানান, রিপন গত বছরের রমজান মাসে ফ্রি ভিসায় কাতারে পাড়ি জমান। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। সংসারের হাল ধরতে প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করছিলেন রিপন।
রিপনের মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন প্রবাসীর স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার ইতি ঘটলো—যা নাড়া দিয়েছে পুরো বোয়ালখালীবাসীকে।

