ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ

সোহাগ আরেফিন
জানুয়ারি ১০, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এ নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘জসীম উদ্দীন আহমেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে অবস্থিত খাগরিয়া ইসলামিয়া আফছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্যে ভাঙা সেতু ব্যক্তিগত উদ্যোগে মেরামতসহ এলাকায় উন্নয়নমূলক কাজ করার ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।’

নোটিশে আরও বলা হয়, ‘নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে যেকোনো ধরনের নির্বাচনি কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও নির্বাচনি প্রচারণায় ব্যক্তিগত উদ্যোগে ভাঙা সেতু মেরামতসহ এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি প্রদান নির্বাচন সংক্রান্ত বিধি-২০২৫ এর বিধি ৪(১) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়। তাই জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে প্রচলিত আইন ও নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ প্রদান পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।