ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেথেলের সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে ভারত

নিউজ ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরি ম্লান করে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

গত রাতে বিশ্বকাপ দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৭ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ভারতের করা ৭ উইকেটে ২৫৩ রানের জবাবে ৭ উইকেটে ২৪৬ রান করে ইংলিশরা। বেথেল ১০৫ রান করেন।

মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে ওপেনার সঞ্জু স্যামসন ও ইশান কিশানের ৪৫ বলে ৯৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ভারত। কিশান ১৮ বলে ৩৯ ও স্যামসন ৮টি চার ও ৭টি ছক্কায় ৪২ বলে ৮৯ রানে আউট হন।

দলীয় ১৬০ রানের মধ্যে তাদের বিদায়ের পর ভারতকে রানের পাহাড়ে বসান শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ১টি চার ও ৪টি ছক্কায় দুবে ২৫ বলে ৪৩, পান্ডিয়া ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ এবং তিলক ৩ ছক্কায় ৭ বলে ২১ রান করেন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ পায় ভারত। চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার আড়াইশ বা তার বেশি রান করল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের দুই স্পিনার উইল জ্যাকস ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

জবাবে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেটে জ্যাকসের সাথে ৩৯ বলে ৭৭ এবং ষষ্ঠ উইকেটে স্যাম কারানকে নিয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রাখেন বেথেল।

৪টি চার ও ২টি ছক্কায় জ্যাকস ২০ বলে ৩৫ রান এবং কারান ১৪ বলে ১৮ রানে আউট হলেও, ৪৫ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন বেথেল।

শেষ ওভারের প্রথম বলে বেথেল রান আউট হলে, ৭ উইকেটে ২৪৬ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। ৮টি চার ও ৭টি ছক্কায় ৪৮ বলে ১০৫ রান করেন বেথেল।

ভারতের পান্ডিয়া ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন স্যামসন।

আগামী ৮ মার্চ আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ভারত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।