ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জব্বারের ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে

সোহাগ আরেফিন
এপ্রিল ২২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার, আর বলীখেলা অনুষ্ঠিত হবে শনিবার। এবার আয়োজনটি বলীখেলার ১১৭তম আসর।

বুধবার (২২ এপ্রিল) নগরের লালদীঘি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল। তিনি বলেন, ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় সেদিন ভোরের মধ্যেই মেলা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বলীখেলার উদ্বোধন করবেন হাসান মো. শওকত আলী এবং পুরস্কার বিতরণ করবেন শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের এমপি আবু সুফিয়ান।

আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘির আশপাশের বসতে শুরু করেছেন দোকানিরা।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া লালদীঘি চত্বরে বলীখেলার প্রতিকৃতি সংবলিত ম্যুরাল উদ্বোধন এবং জায়গাটির নাম ‘জব্বার চত্বর’ রাখা হয়েছে।

ঐতিহ্যের ধারাবাহিকতায় আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের সংগঠিত করতে লালদীঘি মাঠে এই বলীখেলার (কুস্তিখেলা) সূচনা করেন। সে কুস্তি কালক্রমে পরিচিত হয়ে উঠেছে ‘বলীখেলা’ নামে। এরপর থেকে প্রতি বছর ১২ বৈশাখে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।