ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি, প্রকৃত পাঠকের উপস্থিতি কম

সাফায়েত মোরশেদ
এপ্রিল ৭, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’। মহান স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর উদ্যোগে আয়োজিত এ মেলা গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে নগরজুড়ে সৃষ্টি করেছে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আবহ।

নগরীর কাজীর দেউড়ি জিমনেসিয়াম মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই ১৯ দিনব্যাপী মেলায় প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। বইয়ের সুবাস, নতুন প্রকাশনা আর সাহিত্যচর্চার পরিবেশ—সব মিলিয়ে মেলাটি হয়ে উঠেছে জ্ঞান ও সংস্কৃতির এক প্রাণবন্ত কেন্দ্র। এবারের আয়োজনটি বিস্তৃত হয়েছে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে। মেলায় মোট ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল। চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা এতে অংশ নিয়েছে। ফলে গল্প, উপন্যাস, গবেষণা, শিশুতোষ বইসহ নানা ধরনের প্রকাশনায় ভরপুর প্রতিটি স্টল।

মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর ব্যতিক্রমধর্মী স্টল। তাদের স্টলে তুলে ধরা হয়েছে বর্তমান বইবাজারের চ্যালেঞ্জ ও বইপড়ার অভ্যাস কমে যাওয়ার বাস্তব চিত্র, যা দর্শনার্থীদের ভাবিয়ে তুলছে এবং সচেতনতার বার্তা দিচ্ছে।

তবে আয়োজক ও প্রকাশকদের মতে, মেলায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রকৃত বইপ্রেমী পাঠকের উপস্থিতি এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অনেকেই ঘুরতে এলেও বই কেনার প্রবণতা কিছুটা কম দেখা যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।