রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। শুক্রবার রাতে শুভ তার বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনতে যান।

মোটরসাইকেলটি নিয়ে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন বলেন, ‘তারা দুজন বন্ধু। নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার সময় বড়তাকিয়া এলাকায় দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মারা যায়।’

দুই তরুণের আকস্মিক মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ