ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বন্য পাখি বিক্রি চেষ্টার অভিযোগে বাঁশখালীতে ইয়াছিন হোসেন (২১) নামে এক তরুণকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার উপজেলার বাণীগ্রাম নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে একটি মা টিয়াপাখি ও তিনটি টিয়ার ছানা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন উপজেলার সাধনপুর ইউনিয়নের ভোলমারা এলাকার বাসিন্দা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ইয়াছিন দীর্ঘদিন ধরে বন্য পরিবেশ থেকে বিভিন্ন পাখি ধরে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বনবিভাগের একজন বন্যপ্রাণী উদ্ধারকারী (ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার) ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন। গতকাল বিকেলে পাখি হস্তান্তরের সময় বাঁশখালীর রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী ইয়াছিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপকূলীয় বনবিভাগের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
উদ্ধার হওয়া পাখিগুলো বাঁশখালী ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হকের মাধ্যমে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে পাখিগুলো বন্য পরিবেশে অবমুক্ত করা হবে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন।


