চট্টগ্রামের রাউজানে আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত এক ব্যক্তি এটি নতুন করে ছড়িয়ে দিয়েছেন। পুলিশ বলছে, ভিডিওটি এক বছর আগের।
ভিডিওতে নিজের চেহারা আড়ালে রেখে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।’ ফেসবুকে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ব্যক্তিকে হৃদয় বুলেট নামে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ভিডিওটি ২০২৫ সালের। হৃদয় বুলেটকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে আগের ভিডিওটি অন্য একটি আইডি থেকে প্রচার করছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর রাউজানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাসহ দুই ডজনের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় মাঝেমধ্যেই প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটছে।