মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

চিকিৎসা ও সরকারি সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের, সামাজিক মাধ্যমে ভিন্ন গুজব!

নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম -৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম -৭( রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

বিএনপির দলীয় এবং চৌধুরী পরিবারে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, গত ২২ নভেম্বর ( রবিবার) বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে পরের দিন অর্থাৎ ২৩ নভেম্বর ( সোমবার) সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সফরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন এর নেতৃত্বে পাকিস্তানে গমন করেন সাংসদ হুমাম কাদের চৌধুরী এবং তারপরের দিন গত ২৪ নভেম্বর ( সোমবার) রুটিন চেকআপের অংশ হিসেবে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেন সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব!

রাষ্ট্রীয় সফর ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিএনপির বহুল আলোচিত এই ২ হেভিওয়েট নেতার বিদেশ গমন নিয়ে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন পেইজে সংবাদ ও ফটো কার্ড প্রকাশ করে দাবি করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসার খবরে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেছেন। এছাড়া ভারতের নিউজ চ্যানেল ” জি ২৪ ঘন্টায় ” এই সংক্রান্ত খবর প্রকাশিত হয় ।

তবে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা দাবি করছেন, ” বিএনপির সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে বিতাড়িত একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহাজান সাহিল বলেন, ” রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পলাতক আওয়ামী লীগের নেতা-কর্মী সহ একটি কুচক্রী মহল। দেশীয় ও আন্তর্জাতিক ঐ কুচক্রী মহলের মর্ম বেদনা সম্পর্কে সবাই অবগত। গিয়াস ভাইজান রুটিন চেকআপের অংশ হিসেবে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। এই নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। রাউজান বিএনপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে “।

এই বিষয়ে চৌধুরী পরিবারের এক সদস্য বলেন, ” বিগত ১৭ বছরে আমাদের পরিবারের ত্যাগের ইতিহাস সম্পর্কে সমগ্র বাংলাদেশ অবগত। গিয়াস চাচা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এবং হুমাম ভাই রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। তাদের বিদেশে অবস্থান নিয়ে যারা গুজব রটনা করছেন তাদের উদ্দেশ্য সম্পর্কে সমগ্র বাংলাদেশের মানুষ জানে ” ।

বিএনপির হাই কমান্ড সূত্রে জানা গেছে, ” দেশব্যাপী বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল ভাঙ্গার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে বিএনপি’র হেভিওয়েট নেতা গিয়াস কাদের সহ অন্যান্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচারে বিএনপি আরো ঐক্যবদ্ধ ও সুসংহত হবে বলে হাই কমান্ডের অভিমত ” ।

উল্লেখ্য, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী সম্পর্কে আপন চাচা- ভাতিজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ