ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
গত ২৫ মে ২০২৬ তারিখে টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রাক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১০ জন নিহত ও ৫ জন আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সহায়তা কর্মসূচির আয়োজন করে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন ভবিষ্যতেও দুর্গত ও অসহায় মানুষের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর। তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দীন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নিহত ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।