অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় বোয়ালখালী উপজেলা প্রশাসন বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালখালী পৌরসভার হাজীরপুল এলাকায় একটি কালভার্টের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সুগম হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, খাল ও কালভার্ট ভরাট, দখল কিংবা পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন—এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নিজ উদ্যোগে অবিলম্বে এসব প্রতিবন্ধকতা অপসারণের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, অতিবৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা, সচেতনতা এবং খাল-কালভার্টের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।