সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

লাখো মানুষের সংবর্ধনায় দেশে ফিরলো নরওয়ে

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভাইকিংরা শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও দেশে ফিরে পেয়েছে বীরের সম্মান। রাজধানী ওসলোর রাজপ্রাসাদ চত্বরে লাখো সমর্থকের উপস্থিতিতে ছাদখোলা বাসে জমকালো সংবর্ধনা দেওয়া হয় নরওয়ে জাতীয় দলকে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিদায় নিলেও নরওয়ের এই সাফল্য উদযাপনে কোনো কমতি ছিল না। এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ আটে উঠে নজর কাড়ে স্টালে সলবাকেনের দল।

সোমবার দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে দলকে স্বাগত জানানো হয়। এরপর ছাদখোলা বাসে রাজধানীজুড়ে শুরু হয় বিজয় প্যারেড। আল জাজিরার তথ্য অনুযায়ী, রাজপ্রাসাদ চত্বরে এক লাখের বেশি সমর্থক জড়ো হন। তাদের দীর্ঘ সারি রাজধানীর প্রধান সড়ক কার্ল জোহান্স গেট পর্যন্ত বিস্তৃত হয়।

প্যারেডের আগে খেলোয়াড়েরা নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে রাজপ্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রাসাদের বারান্দায় এসে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তারা। রয়্যাল গার্ডের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো সমর্থক ঐতিহ্যবাহী ভাইকিং উদযাপনে অংশ নেন।

তবে অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত ছিলেন না দলের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। প্রধান কোচ স্টালে সলবাকেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় হল্যান্ড ও স্যান্ডার বার্গকে পরবর্তী ফ্লাইট ধরতে আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয়।

এদিকে মধ্য ওসলোর বিপুল জনসমাগমে একপর্যায়ে ছাদখোলা বাসের গতি থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়, এমনকি বাসটিকে কিছু সময়ের জন্য উল্টো দিকেও ঘোরানো হয়। তবুও খেলোয়াড়দের উদযাপনে ভাটা পড়েনি। গান, নাচ এবং সমর্থকদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে তারা পুরো পথজুড়ে উৎসবের আমেজ ধরে রাখেন।

প্রায় ১.৩ কিলোমিটার পথ অতিক্রম করে প্যারেডটি সিটি হল স্কয়ারে পৌঁছালে সেখানেও হাজারো সমর্থক দলকে স্বাগত জানান। নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে দেওয়া প্রতিক্রিয়ায় অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘আমরা কখনো ভাবিনি এমন অভ্যর্থনা পাব। যুক্তরাষ্ট্রে এবং দেশে ফিরে সমর্থকদের যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ