সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

এইচএসসি দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বন্যা পরিস্থিতিতে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু করা এবং পরীক্ষার রুটিনে যৌক্তিক বিরতি রাখার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশ কয়েকজন পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গিয়ে চেয়ারম্যানের কাছে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে পরীক্ষার্থীরা দ্রুততম সময়ে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরুর পাশাপাশি পরীক্ষার রুটিন এমনভাবে প্রণয়নের দাবি জানান, যাতে প্রতিটি বিষয়ের পরীক্ষার মধ্যে যৌক্তিক বিরতি থাকে। তাঁদের যুক্তি, এতে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি আগামীকাল সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বেশ কয়েকটি দাবি নিয়ে এসেছিলেন এবং চেয়ারম্যান তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম ও মো. হাসিবুল মজিত অয়ন। এ ছাড়া সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি ও তৌসিফ মাহমুদ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিমসহ অন্য পরীক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ