মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এই সময়ে বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।