চট্টগ্রামঃ হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, সহস্রাধিক গ্রন্থের প্রণেতা, ইমাম আহমদ রেযা খাঁন ব্রেলভী (রহ.) এর ১০৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামী ১০ আগস্ট ২০২৬ (সোমবার), ২৫ সফর ১৪৪৮ হিজরী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরছে আ’লা হযরত ও মহা সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ওমর শাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মহতি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওলাদে আ’লা হযরত, তাজউজসুন্নাহ, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মুফতি তৌছিফ রেজা খান (মা.জি.আ.) এর নির্দেশক্রমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী বাদে আসর খতমে কোরআন, বাদে মাগরিব গাউসিয়া শরীফ ও মাহফিলে জিকরে মোস্তফা, বাদে এশা মূল মাহফিল এবং রাত ১১টায় মিলাদ, কিয়াম ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর রেজভী বলেন,দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ওলামায় কেরাম এ মাহফিলে ইসলামের শান্তি, মানবতার মহব্বত এবং ঈমান আকিদা, রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহ অনুসরণে গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে তিনি আরও বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়াই এ ধরনের ধর্মীয় সম্মেলনের অন্যতম লক্ষ্য। বরকতময় এই মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান হলো জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, ধুমপাড়া, ৩৮ নম্বর ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম।