বিদেশগামী নাগরিকদের জাল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সনদ তৈরির পাশাপাশি নকল ওয়েবসাইট ও কিউআর কোড ব্যবহার করে প্রতারণা করতো চক্রটি।
রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আব্দুর রহমান (৪৬)।
পুলিশ জানায়, বিদেশগামী এক ব্যক্তিকে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি সনদ তৈরি করা হয়।
সনদটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে চক্রটি। কিউআর কোড স্ক্যান করে সনদ যাচাই করা হলে প্রকৃত সরকারি ওয়েবসাইটের পরিবর্তে চক্রটির তৈরি নকল ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত হতো।
ভুক্তভোগী জাল সনদটি প্রকৃত মনে করে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দেন। পরে যাচাইয়ের সময় সনদটি জাল হিসেবে শনাক্ত হলে তিনি চট্টগ্রামের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। তদন্তে তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, যোগাযোগের তথ্য, অর্থ লেনদেন এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।
এরপর বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ‘সরকারি নথি জালিয়াতি, প্রযুক্তির অপব্যবহার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’