চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামাজে যাওয়ার পথে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান একই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হক (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্বজনদের দাবি, এই ঘটনার জেরে রাত ৮টার দিকে এশার নামাজে যাওয়ার পথে মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মান্নানের ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মান্নান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় তিনি মোজাম্মেল তাকে কুপিয়েছেন বলে জানান।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক আশেক জানান, নিহতের ছেলে আব্দুল আল মসুদ মুন্না তাকে হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ঘটনার পর থেকে অভিযুক্ত মোজাম্মেল হক পলাতক রয়েছেন।