খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।
বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। এ সময় তিনি মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়