শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অহেতুক প্ররোচনায় কান না দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। শ্রমিকদের কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় শ্রমিকদের কান দেওয়া যাবে না। আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেফতার হয়ে থাকলে তাদের মুক্তির বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

মজুরি কাঠামোর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর গেজেট প্রকাশ করা হয়েছে এবং দ্রুততম সময়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি এবং জানুয়ারির মধ্যে তা কার্যকর করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। মজুরি বোর্ডের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, বোর্ড শ্রমিকদের ন্যায্য মজুরি ও স্বার্থ নিশ্চিত করবে।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা দ্রুত মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান এবং শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান জানান। মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প এলাকায় বাসাভাড়া নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ