শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

জামিনে মুক্ত কক্সবাজারে আটক চীন-তাইওয়ানের ছয় নাগরিক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর বুধবার রাতে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।

তিনি জানান, মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেছেন।

কারাগার সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালায় পুলিশ।

অভিযানে এসব রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ