ঢাকামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিকআপের গ্যাস সিলিন্ডারে ১৪৫০০ ইয়াবা

নিউজ ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি পিকআপ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. শওকত আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি পিকআপটির চালক।

নগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল পিকআপটি। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে একটি খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, অভিযুক্তের দেখানো মতে সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবা বের করা হয়।

অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবার পাশাপাশি একটি খালি গ্যাস সিলিন্ডার এবং একটি টয়োটা পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।