শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে নেইমার, তবে এখনো ধোঁয়াশা কাটেনি

রিপোটারের নাম
শনিবার, ৩০ মে, ২০২৬
ফাইল ছবি: নেইমার জুনিয়র (ছবি সংগৃহীত)

২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। ডান পায়ের কাফ মাসলে ‘গ্রেড-২’ ইনজুরির কারণে বিশ্বকাপ দলে তাঁর অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

শুক্রবার (২৯ মে) ব্রাজিলের তেরেসোপোলিসের গ্রানজা কোমারি স্পোর্টস কমপ্লেক্সে সেলেসাওদের অনুশীলন ক্যাম্পে যান নেইমার। বল নিয়ে কোনো অনুশীলন না করলেও, মেডিকেল প্রোটোকল মেনে মাঠের সাইডলাইনে এসে সতীর্থদের অনুশীলন দেখেন এবং কোচ কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘ আলাপচারিতা সারেন।

অনুশীলন ক্যাম্পের ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তাদের সাথেও দেখা করেন। সেলেসাওদের ডিরেক্টর রদ্রিগো কায়েতানো সিবিএফ প্রেসিডেন্ট সামির শাউদ এবং জেনারেল ডিরেক্টর গুস্তাভো ফেইজো বিশেষ হেলিকপ্টারে করে তেরেসোপোলিস ক্যাম্পে পৌঁছালে নেইমার তাদের স্বাগত জানান। এই হাই-প্রোফাইল কর্মকর্তারা প্রায় ৪ ঘণ্টা সেখানে অবস্থান করেন।

ব্রাজিল দলের প্রধান চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের ইনজুরিটি শুধুমাত্র সাধারণ ফোলা বা এডিমা নয়, বরং এটি গ্রেড-২ চোট। এটি থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন। ফলে পানামা ও মিসরের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ম্যাচের ঠিক আগের দিন নেইমারের একটি বিশেষ শারীরিক পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে, তিনি বিশ্বকাপে নামতে পারবেন কি না।

এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, দলের জায়গা পাওয়া কেবল ফিটনেস এবং বর্তমান ফর্মের ওপর নির্ভর করবে, নাম বা খ্যাতির ওপর নয়। তিনি বলেন, নেইমার কোনো বিশেষ সুবিধা পাবেন না; শতভাগ ফিট হলেই তাকে বিশ্বকাপের ম্যাচে বিবেচনা করা হবে। ব্রাজিল সমর্থকদের নজর এখন নেইমারের দ্রুত সুস্থতার খবরের দিকে। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার জন্য এই বিশ্বকাপটি হতে পারে তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ।


এই ক্যাটাগরির আরো সংবাদ