বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ব্যাবসায়ীর পরিবারের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামে বাদুরতলা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া টোকাই মিজান গ্রুপের

নিউজ ডেস্ক
রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকায় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী কামাল উদ্দিন অভিযোগ করেছেন, তার বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাদুরতলা এলাকার কথিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন “টোকাই মিজান” নামে পরিচিত এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা, ভাঙচুর ও জমি দখলের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এই গ্যাংয়ের সদস্যরা এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে। তাদের দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারণেই অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।

ভুক্তভোগী ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, তিনি ২০২৫ সালের ২৫ মার্চ রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জঙ্গিশাহ মাজার গেট এলাকায় একটি সম্পত্তি ক্রয় করেন এবং পরবর্তীতে বিএস নামজারি ও খতিয়ান সম্পন্ন করেন। জমির ক্রয়-বিক্রয় নিয়ে বিক্রেতার সঙ্গে কোনো বিরোধ না থাকলেও পরবর্তীতে কয়েকজন ব্যক্তি সম্পত্তির দাবি তুলে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন।

তার অভিযোগ, ওই চক্রের সদস্যরা অবৈধভাবে তার জমিতে দোকান ও হোটেল পরিচালনা করতে থাকে এবং জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ সময় টোকাই মিজান ও তার সহযোগীদের ব্যবহার করে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

কামাল উদ্দিন আরও অভিযোগ করেন, সম্প্রতি সিডিএর ঝুঁকিপূর্ণ ভবনের নোটিশের বিষয়ে সম্পত্তি পরিদর্শনে গেলে টোকাই মিজান, সুদি রিপন, টোকাই মুনতাসীরসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি ২০২৬ সালের ২৯ জুন পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করতে গেলে মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২৭৯) গ্রহণ করা হয় বলে অভিযোগ করেন। তার ভাষ্য, তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে, যার ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একটি অংশও অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, প্রতিবেদকের পক্ষ থেকে অভিযুক্ত টোকাই মিজানসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগী কামাল উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার জীবন, পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ