অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ব্র্যাক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাসিম চৌধুরী এবং বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সদস্য মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী আজম বাবু, মো. ইফতিয়ার উদ্দিন, তাবাসসুম বিনতে আলম, পাপিয়া দাস গুপ্তা, জান্নাতুল নাঈম, মো. আতিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অতিথিরা চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তাঁরা ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় বিদ্যালয়ের সভাপতি মো. হোসেন চৌধুরী বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এই আয়োজন সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”