টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি এড়াতে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল থেকে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেলের টিকিট বিক্রয়কর্মী সুজন বলেন, ‘রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি জানিয়েছে। পাশাপাশি যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, টিকিটের অর্থ ফেরতের সুযোগ থাকায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে স্টেশন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেললাইন থেকে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।