কৈশোরকালীন স্বাস্থ্য, নিরাপত্তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে Bright Nation Youth Network (BNYN)-এর উদ্যোগে শুরু হয়েছে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন ‘প্রজেক্ট দীপশিখা’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফূলি আইডিয়াল স্কুলে-এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, নিরাপদ স্পর্শ, ব্যক্তিগত সীমারেখা, সম্মতি, নিরাপত্তা এবং SRHR বিষয়ে শিক্ষার্থীদের বয়স-উপযোগী ও সঠিক তথ্য দেওয়া।
আয়োজকরা জানান, কৈশোরে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিশোর-কিশোরীরা। এ সময়ে সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বিভ্রান্তি ও ভুল ধারণার মুখোমুখি হয়। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও তথ্যভিত্তিক পরিবেশ তৈরি করে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ‘প্রজেক্ট দীপশিখা’ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সাধারণত সংকোচ বা দ্বিধা অনুভব করে, সেসব বিষয়ে তাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করা হয়েছে।
BNYN-এর পক্ষ থেকে বলা হয়, ‘প্রজেক্ট দীপশিখা’ শুধু একটি সচেতনতামূলক আয়োজন নয়; বরং কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরির একটি উদ্যোগ। পর্যায়ক্রমে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।
ক্যাম্পেইনের বার্তা হিসেবে রাখা হয়েছে— “জ্ঞান হোক আলো, অধিকার হোক শক্তি” আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনের সময়ে সঠিক তথ্য ও সহায়তার উৎস খুঁজে নিতে সক্ষম হবে।