চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নাইট গার্ড আবু সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ।
তিনি জানান, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে সংঘবদ্ধভাবে কয়েকজন ব্যক্তি একটি গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রিকশার চাকার লোহার রিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেটি একটি মিনি পিকআপে তুলে রেখে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামি-শেখ আহমেদ রুবেল (৩৫), সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), জামাল উদ্দিন মিজান (৪৫), গোলাম রব্বানী (৫৫), আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)-কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে।