চট্টগ্রাম নগরীতে সবুজ-শ্যামল প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা কিক ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল। মনোরম পরিবেশের এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য। এ বছর প্রতিষ্ঠানটির ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭৫ জনই উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ অর্জিত হয়েছে শতভাগ পাসের সাফল্য। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী পেয়েছে এ+ (GPA-5)।
প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শিক্ষকদের মুখের তৃপ্তির হাসিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
তবে এ সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে সুনিপুণ পরিকল্পনা, ধারাবাহিক একাডেমিক কার্যক্রম, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়। একই সঙ্গে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ সাফল্যের পথকে আরও সুগম করেছে।
শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে নিবিড় তদারকি, ধারাবাহিক মূল্যায়ন, পরীক্ষার অনুশীলন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করা হয়েছে।
শিক্ষকদের অক্লান্ত শ্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, কঠোর অনুশীলন ও কাঙিক্ষত ফল অর্জনের অদম্য চেষ্টা এবারের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এর সঙ্গে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা তৈরি করেছে একটি কার্যকর ত্রিমুখী সমন্বয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি হলো শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা। এবারের ফলাফল তারই বাস্তব প্রতিফলন। ৭৫ জনের মধ্যে ৭৫ জনের উত্তীর্ণ হওয়া এবং ২৭ জনের এ+ অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙিক্ষত সাফল্য অর্জন করা সম্ভব।
কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই লক্ষ্য সামনে রেখে কিক ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানের শিক্ষকরা আশা করছেন, এবারের সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এ ফলাফল কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ আরও বাড়াবে।
৭৫ জনে ৭৫ জন পাস এবং ২৭ জনের এ+ এই অর্জন শুধু একটি ফলাফল নয়; এটি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত শ্রম, নিষ্ঠা ও ভালোবাসার এক উজ্জ্বল স্বাক্ষর। কিক ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের প্রত্যাশা জাগিয়েছে।