মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

তিন ঘণ্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা, পানিবন্দি মানুষ—ক্ষতির মুখে কৃষি

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি,
শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দীঘিনালা উপজেলার প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে জেলা সদরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমিতে পানি উঠেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২২ আগস্ট) ভোর পর্যন্ত ভারী বৃষ্টির পর দীঘিনালা-মাইনী ও দীঘিনালা-কবাখালী সড়কের বিভিন্ন অংশ, উপজেলার নিম্নাঞ্চল ও জামতলী এলাকা পানিতে তলিয়ে যায়। এতে এসব এলাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের বেলুন মেকার শুভতি চাকমা জানান, শুক্রবার রাত ৯টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। রাত ১২টার পর থেকে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার।

এদিকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবিল, খবংপড়িয়াসহ বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলেও দ্রুত পানি বাড়তে থাকে। পাহাড়ি ঢলে পানি হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তা, দোকানপাট ও উঁচু স্থানে আশ্রয় নেন।

পানিবন্দি কয়েকজন বাসিন্দা জানান, আকস্মিকভাবে পানি বাড়ায় প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি অনেকে। পানি ঘরে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে। কোথাও কোথাও গৃহপালিত পশু, হাঁস-মুরগি পানিতে ডুবে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।

এদিকে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার ফসলি জমি। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকলে আবাদি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ জানান, উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের পানি পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি ঢলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ