বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। গতকাল রোববার সকালে বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধানকে নতুন ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাংক ব্যাজ পরানোর কথা জানানো হয়েছে।।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী নির্বাচনী পর্ষদ–২০২৬ এর সূচনার আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীকে আরো আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খাঁন উপস্থিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ১৬ জুলাই ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয় সরকার। তিনি ২৩ জুলাই দায়িত্ব বুঝে নেন। সেদিন তাকে ভাইস অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।