খাগড়াছড়ির মানিকছড়িতে পুকুরের পানিতে ডুবে নুর মুহাম্মদ নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পান্নাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মুহাম্মদ ওই এলাকার বাসিন্দা মো. সেলিম ও নুর নাহার দম্পতির একমাত্র সন্তান।
স্বজনরা জানান, দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় নুর মুহাম্মদ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা নুর নাহার পুকুরের পানিতে শিশুটির দেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নুর মুহাম্মদকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।