পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’।
রোববার (৬ সেপ্টেম্বর) মহালছড়ি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড় ও দল অংশগ্রহণ করছে। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির পরিবেশ আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।