চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় তিন বছর চার মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. আবিরকে (১৯) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মামলা দায়েরের প্রায় দেড় মাস পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি জানান।
গ্রেপ্তার আবির পিরোজপুরের মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার মো. নিজাম হাওলাদারের ছেলে।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গত ২৪ জুলাই বায়েজিদ বোস্তামী থানায় আবিরকে প্রধান আসামি করে শিশু ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবিরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।