মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে আটক সাব-রেজিস্ট্রারসহ ৩

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও কার্যালয়ের উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধনের কাজ আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

এ অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ‘ফাঁদ’ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক আরও জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ