পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।
রোববার ২৭ই সেপ্টেম্বর২০২৬ ইং বৈকাল ৪ ঘটিকার সময় জয়পুরহাট শহরের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাজমুল হক। জয়পুরহাট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় , বক্তব্য দেন জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জ্বল এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমানসহ শ্রমিক দলের নেতারা।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহনশীলতার পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে জয়পুরহাট জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, থানা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শেষে নেতারা দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।