রাঙামাটির সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, আগামী শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।ঘোষণায় বলা হয়, সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আহ্বান করা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা অবরোধ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সংগঠনটির ঘোষণায় আরও জানানো হয়, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি এবং জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।