শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

১১ অক্টোবর শুরু হচ্ছে বাঁশরী ওয়াদুদ আন্ত উপজেলা খাগড়াছড়ি ফুটবল চ্যাম্পিয়নশিপ

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি,
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ি জেলার ফুটবল খেলাকে আরও গতিশীল, জনপ্রিয় ও তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ‘বাঁশরী ওয়াদুদ আন্ত উপজেলা খাগড়াছড়ি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় ও এমপি ওয়াদুদ ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনার লক্ষ্যে গঠিত উপদেষ্টা ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ‘বাঁশরী ওয়াদুদ আন্ত উপজেলা খাগড়াছড়ি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর আহ্বায়ক তুহিন কুমার দে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আফসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মো. মোস্তফা, সাবেক খাগড়াছড়ি জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।

সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দল ও খেলা পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে আগামী ১১ অক্টোবর ২০২৬ থেকে টুর্নামেন্টের খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজকরা জানান, জেলার নয়টি উপজেলা থেকে নয়টি দল এ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচটি খাগড়াছড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলা দল মুখোমুখি হবে।

আয়োজকদের প্রত্যাশা, আন্তউপজেলা এ আয়োজনের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ফুটবলারদের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা ও প্রসার আরও বাড়বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ